২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থায়ী হাসপাতাল তৈরিতে কারিগরি সহায়তা দেবে আইইবি

কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে সরকারি বা বেসরকারিভাবে কেউ অস্থায়ী হাসপাতাল তৈরিতে করতে চাইলে কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 11:31 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

শুক্রবার বিকালে আইইবি এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়া (আইসিইএ) আয়োজিত টেলিকনফারেন্স ওয়েবিনারে কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় আইইবির নেতারা এই আশ্বাস দেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইসিইএর সভাপতি প্রকৌশলী নুসরাত ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট মো. আবদুস সবুর এবং বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিইএর প্রধান উপদেষ্টা খন্দকার সালেক সুফি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি নরোত্তম দাস এবং আইইবির কম্পিউটার ডিভিশনের সেক্রেটারি রনক আহসান।

বক্তারা বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রথম দিকে পৃথিবী অনেকটা স্থবির হয়ে পড়েছিল। প্রযুক্তির সহায়তায় বিশ্ব এখন স্থবিরতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এই মহামারী পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নিলে মানুষের জীবন যাত্রায় অনেক পরিবর্তন আসবে। তখন কিভাবে দ্রুত অর্থনীতির চাকা সচল করা যায় সেই পরিকল্পনা এখন থেকেই করতে হবে।

তারা আরও বলেন, করোনাভাইরাস পরবর্তী সময়ে যেন বাংলাদেশের অর্থনীতিও খুব দ্রুততার সাথে এগিয়ে যায় সেই লক্ষ্যে যৌথভাবে কাজ করবে আইইবি এবং আইসিইএ।