২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁও থানায় হামলায় গ্রেপ্তার ১৮ জন কারাগারে

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়া প্রতারক চক্রের সদস্যদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে ঢাকার তেজগাঁও থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 08:55 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

এই আসামিরা হলেন- শেখ রাসেল, রাসেল আলী, কামরুজ্জামান, আলম মোল্লা, পলাশ, রানা, রাজু, সোহাগ, সামছুদ্দোহা সোহান, উজ্জ্বল, রেজাউল করিম, সানজিদা আক্তার, সোমাইয়া, মনি আক্তার, ইমা, মুনিসা আমীন, শাহিদা ও বিশাদ অপু।

একদিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ আদালত সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে করোনাভাইরাসের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতারক চক্রের হোতাসহ ৬ জনকে গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নিতে তেজগাঁও থানায় হামলা চালায় একদল সন্ত্রাসী। সে সময় এই আসামিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ওই থানায় একটি মামলা করে পুলিশ।

পরদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম।