গীতিকার নয়ীম গওহরের পরিবারকে ফের প্রধানমন্ত্রীর সহায়তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকার প্রয়াত নয়ীম গওহরের পরিবারকে আবারও পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার কর্মকর্তাদের মাধ্যমে অনুদানের টাকা নয়ীম গওহরের অসুস্থ স্ত্রী রাজিয়া গওহরের উত্তরার বাড়িতে পাঠিয়ে দেন।
“প্রধানমন্ত্রী পরিবারটিকে একটি প্লট অথবা ফ্ল্যাট দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন,” বলেন প্রেস সচিব।
তিনি জানান, প্রধানমন্ত্রী ২০১৬ সালেও নয়ীম গওহরের পরিবারকে অনুদান হিসেবে ২৫ লাখ টাকা দিয়েছিলেন এবং তখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের জন্য একটি ফ্ল্যাট অথবা প্লট বরাদ্দের নির্দেশনা দিয়েছিলেন।
“কিন্তু নানা জটিলতায় পরিবারটি এখনও ফ্লাট বা প্লট পায়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনলে তিনি তৎক্ষণাৎ নয়ীম গওহরের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দেন এবং একইসঙ্গে তার পরিবারকে দ্রুততার সঙ্গে একটি প্লট অথবা ফ্লাট হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন,” বলেন প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি আরো বলেন, নয়ীম গওহর কন্যা ইলোরা গওহর পুনরায় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নয়ীম গওহরের ৭৬ বছর বয়সী স্ত্রী ক্যানসার এবং পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী বলে জানান তিনি।
নয়ীম গওহর ২০১৫ সালের ৭ অক্টোবর ৯৩ বছর বয়সে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল। তার আগে ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতাতেই তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নয়ীম গওহর ২০১২ সালে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত হন।
মুক্তিযুদ্ধকালে তার রচিত অসংখ্য দেশাত্মবোধক গান সে সময়ের মুক্তিকামী দেশবাসীর মধ্যে সাহসের সঞ্চার করে।
