২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি নিয়ে প্রতারণা: ভুয়া প্রতিষ্ঠানের ২ কর্তা রিমান্ড শেষে কারাগারে

একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে কাফরুল থানার মামলায় গ্রেপ্তার দুজনকে দুদিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 06:59 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

এরা হলেন- জামাল হোসেন ইমন ওরফে মনিরুজ্জামান (৪৫) ও খালেদ নুরের (৩৬)। প্রথমজন মহাখালীর ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অপরজন পরিচালক।

শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হলে তা মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম বিচারক ধীমান চন্দ্র মণ্ডল।

আদালত সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কমর্কর্তা রণপ কুমার ভক্ত  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের আইনজীবী মো. সোহেল তাদের পক্ষে শুনানি করেননি।

এর আগে মঙ্গলবার তাদের দুজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি দল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার কাফরুল থানাধীন ডিওএইচএস মহাখালী এলাকার গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামের দুটি অফিস কক্ষে পৃথক অভিযান চালিয়ে এই দুজনসহ ২০ জনকে আটক করে।

তাদের কাছ থেকে ১৫১টি চাকরির আবেদনপত্র, গাজী ইন্টারন্যাশনালের ব্রাঞ্চ ম্যানেজারের সিল, রিক্রুটিং অফিসারের সিল, ভিশন বিজনেস সেন্টার নামীয় সিল, আইডি কার্ড, ল্যাপটপ, বিপুল পরিমাণ ভুয়া চাকরির বিজ্ঞাপন, ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের রশিদ ও নিবন্ধন ফরমসহ নগদ অর্থ জব্দ করা হয়।

সেদিন গ্রেপ্তার ২০ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। কাফরুল থানায় প্রতারণার মামলায় জামাল ও খালেদকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

বাকি ১৮ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুজনের দুদিন রিমান্ড মঞ্জুর করেন ও বাকি ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।