সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে স্বাস্থ্য খাতে কাজ করতে কেবল সচিবালয়ে এসে বসে থাকাই মন্ত্রীর ‘একমাত্র কাজ নয়’।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি একথা বলেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহিদ মালেক বলেন, “বরং দেশের কোন হাসপাতালে কী কাজ হচ্ছে, মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে কি না, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো মানুষ হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরে যায় কি না এগুলো দেখভাল করে ও খোঁজ নিয়ে যথার্থ উদ্যোগ নেওয়াটাই এখন আসল কাজ।”
‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, “পরিবেশিত সংবাদটি মিথ্যা ও জনমনে উস্কানিমূলক। ‘স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না’ এই শিরোনামেই গলদ রয়েছে।”
এ বিষয়ে মন্ত্রীর পক্ষে বিশদ বিবরণ তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে কী কী পদক্ষেপ নিয়েছেন তাও তুলে ধরা হয় সেখানে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “এত কিছুর পরও স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলেছেন। কোনো একটি সরকারি ফাইল একদিনের জন্যেও পেন্ডিং অবস্থায় রাখেননি। প্রতিদিনের সরকারি কর্মকাণ্ড প্রতিদিনই সমাপ্ত করেছেন।”
এ ধরনের সংবাদের মাধ্যমে ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে’ বলেও স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছেন।
