সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছে: জাফরুল্লাহ
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য কোভিড-১৯ থেকে সেরে ওঠা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, “সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। তারা কোনো কিছু এটা নিয়ে…। করোনা সমস্যাটা কীভাবে সমাধান করবে, তা তাদের চিন্তার মধ্যে নাই।”
বৃহস্পতিবার ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরীর এমন মন্তব্য আসে।
তার ধারণা, বাংলাদেশে মহামারীর মূল ধাক্কা আসবে ‘এ মাসে বা পরের মাসে’, যখন এ ভাইরাস গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়বে। সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার ভাষায়, ‘একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা’ দরকার।
“সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার জন্য জনগণকে দাবি ওঠানো ছাড়া, আওয়াজ ওঠানো ছাড়া, মান্নাদেরকে (নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না) ঘুরে দাঁড়ানো ছাড়া বাংলাদেশের গরিবের স্বাস্থ্যক্ষেত্রে তো নয়ই, কোনো ক্ষেত্রে কিছুই হবে না।”
সেজন্য ‘শক্ত করে’ স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত ডা. জাফরুল্লাহ।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার কথা জানানো হয়, পরে বঙ্গবন্ধু মেডিকেলে আরটি-পিসিআর পরীক্ষাতেও একই ফল আসে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় কয়েক দফা প্লাজমা থেরাপি নেন এই চিকিৎসক। পরে গত ১৩ জুন তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসার কথা জানানো হয় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে।
ভাঙা কণ্ঠে জাফরুল্লাহ বলেন, “সবাইকে ধন্যবাদ। আমার গলায় ব্যাঙ ঢুকেছে, তাই কথা ঠিকমত বলতে পারি না। সেজন্য বেশিরভাগ বিষয় লিখিতভাবে আমি বলব।”
“আপনারা আমার জন্য এতজনে দোয়া করেছেন পথে-ঘাটে, দেশে-বিদেশে তা অকল্পনীয়…। মানুষ যে একজন মানুষকে ভালোবাসতে পারে আমরা জানি না। এই যুদ্ধের পরে দেখলাম। একাত্তরে যুদ্ধে পেয়েছিলাম ভালোবাসা, এখনো আমার সেই ভালোবাসা।”
বাংলাদেশের চিকিৎসা ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, “আপনারা সবাই জানেন, বাংলাদেশের চিকিৎসা ব্যয় কেমন। মানুষ ফতুর হয়ে যায়। আমি চেষ্টা করেছি আমার চিকিৎসায় কত টাকা খরচ হয়েছে কিছুটা হিসাব করতে। পুরোপুরি হিসাবটা এখনো করতে পারিনি সময় স্বল্পতার কারণে।”
কেন্দ্রের তরুণ চিকিৎসক শরীফুল হক রোমি পরে ডা. জাফরুল্লাহর পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান।
সেখানে বলা হয়, কোভিড-১৯ চিকিৎসায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ ভাড়া হিসেবে প্রতিদিনে ১৭ হাজার টাকা করে ১০ দিনে এক লাখ ৭০ হাজার টাকা, কেবিন ভাড়া তিন হাজার আটশ টাকা করে ২০ দিনে ৭৬ হাজার টাকা লেগেছে। ৮২ হাজার ৯৪৪ লিটার অক্সিজেনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র আলাদাভাবে বিল রাখেনি।
হাসপাতালে এরকম খরচে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “ওষুধের খরচ… আজকে দুইটা সিস্টেম আছে- একটা হল ওষুধের দাম ঠিক করা- ইনডিকেটিভ প্রাইস, যেটা আমাদের… সালমান সাহেব খালেদা জিয়াকে পটায়ে করছিলেন। সেটা এখনো বহাল আছে। সেই নিয়মটা বদলাইলে, ঔষধনীতি বদলাইলে ঔষধের দাম অর্ধেক হবে।”
চিকিৎসাধীন অবস্থায় খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, গণস্বাস্থ্য কেন্দ্রের গণ বিশ্ববিদ্যালয় ও নগর হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ কর্মকর্তা-কর্মচারী এবং যুক্তরাজ্য ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকসহ গণমাধ্যম কর্মী ও দেশবাসীর প্রতি ডা. জাফরুল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক মুহিব উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, “ডা. জাফরুল্লাহ স্যার নিজেকে ভাগ্যবান করোনা রোগী মনে করেন। দেশবাসীসহ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অনেকে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। সেজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।”
“উনি (জাফরুল্লাহ চৌধুরী) মনে করেন, গ্রামের একটা মানুষ, ইন্ডাস্ট্রির একটা শ্রমিক যে ওষুধটা কিনতে পারবে না, যে পরীক্ষাটা করাতে পারবে না, উনি সেটা করবেন না।”
গণস্বাস্থ্য কেন্দ্র এ পর্যন্ত যতটুকু সাফল্য পেয়েছে, জাফরুল্লাহ চৌধুরীর নিবেদিতপ্রাণ ভূমিকার জন্যই তা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন এই চিকিৎসক।
আরেক চিকিৎসক অধ্যাপক নাজীব মোহাম্মদ বলেন, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে একই সঙ্গে করোনাভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া হয়েছিল।
“একটা ইমপ্রুভ করেছে। ব্যাকটেরিয়ার বিষয়ে এখনো আমরা চিকিৎসা করছি। আপনাদের সামনে বসে আছেন উনি, তবে এখনো ১০০ ভাগ উনি সুস্থ না।”
“আগামী সপ্তাহে ব্যবস্থা নেবেন বলে ঔষধ প্রশাসনের একজন সহকারী পরিচালক আমাদেরকে ফোন করে জানিয়েছেন।”
‘জাফরুল্লাহ চৌধুরীর নভেল করোনা সংক্রমণ থেকে মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ, চিকিৎসা ব্যয় এবং করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শীর্ষক এই আলোচনা সভা হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে।
অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক বিজন কুমার শীল, অধ্যাপক ফিরোজ আহমেদ, অধ্যাপক নিহাদ আদনান, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হকসহ নগর হাসপাতালের চিকিৎসকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
