‘সুস্থ’ হয়ে উঠছেন এমপি আব্দুস শহীদ
করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ ‘সুস্থ’ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল স্যারের প্রথম ফলোআপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। তাতে ফলাফল নেগেটিভ এসেছে।”
সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি শহীদ গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি হন।
পরে মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শহীদকে।
তার একান্ত সচিব বলেন, “স্যার শিগগিরই বাসায় ফিরবেন এবং ডাক্তারের পরামর্শে আইসোলেশন সম্পন্ন করবেন।”
