ঢাকার লালবাগে বিনামূল্যের সবজি বাজার
করোনাভাইরাস মহামারীকালে ঢাকার লালবাগে সঙ্কটে থাকা মানুষদের জন্য চালু হয়েছে বিনামূল্যের সবজি বাজার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল এ সবজি বাজার চালু করেছে ঢাকেশ্বরী মন্দিরের পাশে শহীদ আব্দুল আলিম খেলার মাঠে।
সপ্তাহে প্রতি বুধবার আজিমপুর-লালবাগ এলাকার কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষ এ বাজার থেকে সবজি নিতে পারছেন।
অন্তত ১০ ধরনের সবজির মধ্যে প্রত্যেকে পাঁচ ধরনের সবজি নিতে পারছেন।
আজিমপুর এতিমখানা মোড়ের চা বিক্রেতা শাহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আয় রোজগার কম। এক ছেলে ও মেয়ে স্কুলে পড়ে।
“সবজির দাম বেড়ে যাওয়ায় কম করে আনি। প্রত্যেক বুধবার মাঠ থেকে সবজি নিই। এখানে কোনো টাকা লাগে না, তাছাড়া, শুনেছি এ সবজিসরাসরি গ্রাম থেকে নিয়ে আসে।”
লালবাগ শাহী মসজিদ এলাকার গৃকর্মী সালমা আক্তারও এই বাজার থেকেই সবজি নেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোকজন বাসায় কাজ করতে দেয় না। কাজ কমে গেছে। এখন কাঁচা বাজারে সবজির দাম যে চড়া, তাই এখান থেকে সবজি নিয়েছি।”
‘ফ্রি সবজি’ বাজারের বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ নম্বর ওয়ার্ডসহ আশেপাশের নিম্ন মধ্যবিত্ত ও অসহায় মানুষদের জন্য তাদের এই উদ্যোগ। গত চার সপ্তাহ ধরে এই বাজার চলছে। যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকবে, তত দিন চলবে এ সবজি বাজার।
“প্রায় পাঁচ থেকে ছয়শ’ মানুষ যাতে সবজি নিতে পারে এমন ব্যবস্থা এখানে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এক মিনিটের মধ্যেই ফ্রি সবজি নিয়ে যেতে পারছে মানুষ। তাই এ কর্মসূচির নাম দিয়েছি এক মিনিটের ফ্রি সবজি বাজার।”
নরসিংদী ও মানিকগঞ্জের কৃষকের কাছ থেকে সরাসরি এই সবজি কিনে আনেন বলে জানান তিনি।
