স্বাস্থ্য খাতে বাজেটের ২০% বরাদ্দের দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ
করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দসহ সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে ব্যানার-ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশ সচিবালয়ের মোড়ে তাদের আটকে দেয়। তখন সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন তারা।
সমাবেশ থেকে সব হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, অক্সিজেন সিলিন্ডারের সিন্ডিকেট ভেঙে দেওয়া, সব হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করা, বেসরকারি হাসপাতালগুলোকে সাময়িভাবে জাতীয়করণ করা, প্রতিদিন অন্তত ৫০ হাজার নমুনা পরীক্ষা করে সব নাগরিককে করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনার দাবি জানানো হয়।
ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব সমাবেশে বক্তব্য রাখেন।
