মুগদা হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনা তদন্তে কমিটি
হাসপাতাল থেকে করোনাভাইরাসের এক রোগীর পলায়নের পর তদন্ত কমিটি করেছে মুগদা জেনারেল হাসপাতাল।
হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাশেম শেখ।
এই কমিটিতে হাসপাতালের একজন আবাসিক চিকিৎসক ও নার্সিং সুপারভাইজারকে রাখা হয়েছে।
অধ্যাপক আবুল হাশেম শেখ বলেন, “রোগী পালিয়েছে ২০ জুন, আমরা মুগদা থানায় জিডি করেছি ২১ জুন। তদন্ত কমিটি করা হয়েছে ২১ জুন। এখন তারা তদন্ত করে দেখবে প্রকৃত ঘটনা কী !
“তারা আমাদের জানাবে, আমাদের সিকিউরিটি সিস্টেমে কোথাও লিকেজ ছিল কি না। তাছাড়া জিডি করা হয়েছে, পুলিশও তদন্ত করবে।”
আব্দুল মান্নান খন্দকার নামে ওই কোভিড-১৯ রোগী গত ২০ জুন এই হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর আত্মহত্যা করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী পালানোর ঘটনায় ২ জন চিকিৎসক, ২ জন নার্স এবং ৪ জন নিরাপত্তারক্ষীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
