বরখাস্ত কারা কর্মকর্তা সোহেল রানার জামিন স্থগিত
অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত জেলার (কারা তত্ত্বাবধায়ক) সোহেল রানা বিশ্বাসকে দেওয়া হাই কোর্টের জামিন ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.খুরশীদ আলম খান। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও সাকিলা রওশন।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল রানাকে হাই কোর্টের দেওয়া জামিনে ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। আর জানতে চেয়েছেন কতদিনের মধ্যে দুদক এ মামলায় অভিযোগপত্র দিতে পারবে।”
গত ১৬ জুন পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দেয়।
এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।
২০১৮ সালের ২৬ অক্টোবর বেলা ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকা ও ফেনসিডিলসহ সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।
এছাড়া তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া এক কোটি ৩০ লাখ টাকার চেক ও তার স্ত্রীর নামে দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়।
পরে সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদি হয়ে মাদক ও অর্থপাচার আইনে দু’টি মামলা করেন।
এ ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
