২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু

শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং জনপ্রিয় করে তুলতে শুরু হল ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২০ ’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 10:08 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

সোমবার অনলাইন প্লাটফর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রোগ্রামিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

তিনি বলেন,“প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা। কেননা এটি যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যম।”

গণিত, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশু-কিশোরদের প্রোগ্রামিং শেখাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে পলক বলেন, “৪র্থ শিল্প বিপ্লবের সম্পূর্ণটা হবে মেধা নির্ভর।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবটিকস , ব্লকচেইন, বিগ ডাটার ন্যায় নতুন নতুন প্রযুক্তি পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। এ জন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই।“ 

প্রতিমন্ত্রী বর্তমান পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এ জন্য শিগগির স্কুল পর্যায়ে আরও সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।”

‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে প্রতিযোগিতাটি এবার হচ্ছে অনলাইনে।

দেশের হাই স্কুল ও কলেজ এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানান আয়োজন করা হয়ে থাকে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য http://online.nhspc.org ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে। তা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, লেখক-অধ্যাপক জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা লাফিফা জামাল।