আরও ৪৫ এমপির নমুনা সংগ্রহ
করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য আরও ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রোববার সংসদের মেডিকেল সেন্টারে এই নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে শনিবার সংগ্রহ করা ২০ জন সংসদ সদস্যের সবারই কোভিড-১৯ ফলাফল নেগেটিভ এসেছে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী নমুনা পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছি।
“তালিকা অনুযায়ী অধিবেশনের আগামী চারটি কার্যদিবসে যেসব এমপিদের যাওয়ার কথা রয়েছে, আমরা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সকলে সাড়া দিচ্ছেন।”
শনিবার নূর-ই-আলম চৌধুরী নিজেও পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের পরবর্তী চারটি কার্যদিবসের অংশগ্রহণের জন্য নির্ধারিত প্রায় ১৭০ জন সংসদ সদস্যের কোভিড-১৯ পরীক্ষার অংশ হিসেবে শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়।
এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোণাভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর গণমাধ্যমে এসেছে।
তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়েছেন। আর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার ঢাকার সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন গণফোরামের মোকাব্বির খান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, ফরিদপুর-৩ আসনের খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী এবং নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
