ফরিদপুর মেডেকেলে দুর্নীতি: শর্ত সাপেক্ষে ২ আসামির জামিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটায় দুর্নীতির ঘটনায় দুদকের করা মামলার দুই আসামিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাই কোর্ট।
দুই আসামি হলেন- ঠিকাদারী প্রতিষ্ঠান অনিক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজের বিল চাইতে পারবেন না, এমন শর্তে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে তাদের জামিন দেয়।
গত ৪ ফেব্রুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণের পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তারা কারাগারে আছেন।
তাদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মো. সাইফুল্লাহ মামুন।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
আইনজীবী সাইফুল্লাহ মামুন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যে কাজ করেছে সে কাজের বিল এখনও পায়নি। বিভিন্ন ইক্যুইপমেন্ট সাপ্লাই দিয়েছে। মামলার এফআইআরে উল্লেখ আছে তারা কোনো বিল পায়নি। তো হাই কোর্ট বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিল দাবি করতে পারবে না, এই শর্তে তাদের জামিন দেওয়া হল।
“নিয়মতি কোর্ট খোলার পর এক সপ্তাহ পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।”
পরস্পর যোগসাজশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অপ্রয়োজনীয় এবং বেশি দামে বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি কেনার মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৫১১,১০৯ ধারায় ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।
গত বছর ২৭ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ফরিদপুরের বিশেষ জজ আদালতে মামলাটি করেন।
আব্দুল্লাহ আল মামুন ও মুন্সি সাজ্জাদ হোসেন বাদে মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সি ফররুখ আহমেদ, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (দন্ত বিভাগ) গণপতি বিশ্বাস শুভ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক জুনিয়র কনসালটেন্ট (গাইনি) মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথোলজিস্ট এএইচএম নুরুল ইসলাম।
