২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক কাউন্সিলর মিজানের জামিন হয়নি

অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের জামিন হয়নি হাই কোর্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 04:08 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার দুই মামলায় তার জামিন আবেদনের শুনানি শুরু করে পরে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য মুলতবি রাখে। 

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক; মিজানের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মো. জাকির হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া।

পরে আমিন উদ্দিন মানিক বলেন, হাই কোর্টের নিয়মিত বেঞ্চ না খোলা পর্যন্ত জামিন শুনানি মুলতবি থাকবে।

গত জানুয়ারি মাসে দুই মামলাতেই মিজানের জামিনের আবেদন ঢাকার বিশেষ জজ আদালতে খারিজ হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে এই আবেদন করেন।

ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের সময় গত বছর ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হন হাবিবুর রহমান মিজান। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে সে সময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

মিজানকে ঢাকায় আনার পর তার কার্যালয় ও বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেক, একটি রসিদ, ছয়টি এফডিআর, একটি ডিপোজিট স্লিপ নিয়ে মোট ৭ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার চেক ও এফডিআর জব্দ করা হয়।

ওই ঘটনায় গত বছর ১২ অক্টোবর মিজানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অর্থ পাচার আইনে মামলা করে র‌্যাব।

মামলার এজাহারে বলা হয়, ‘ভীতি সৃষ্টি করে টেন্ডারবাজি, গরুর হাট দখল, চাঁদাবাজি করে’ মিজান নামে-বেনামে ‘বিপুল অর্থ-সম্পদের’ মালিক হয়েছেন। তার কাছ থেকে জব্দ করা চেক ও এফডিআরের অর্থের বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

এরপর গত বছর ৬ নভেম্বর মিজানের বিরুদ্ধে ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

শ্রীমঙ্গল থেকে মিজানকে আটকের সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও একটি পিস্তল উদ্ধার করা হয়। সেসময় শ্রীমঙ্গল থানাতেও মিজোনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।