হাসপাতাল পালিয়ে কোভিড-১৯ রোগীর ‘আত্মহত্যা’
ঢাকার মুগদা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক কোভিড-১৯ রোগীর ঝুলন্ত লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন বলছেন, আবদুল মান্নান খন্দকার নামে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ‘হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন’ বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
প্রতীকী ছবি
ভবনের সামনের বাগানে একটি কাঁঠাল গাছ থেকে শনিবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গত ১৪ জুন মান্নানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। তার স্ত্রী এবং এক মেয়েও কোভিড-১৯ আক্রান্ত। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
পরিদর্শক সেলিম জানান, মান্নানের শ্যালক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গাড়িচালকের কাজ করেন। মান্নানের অবস্থার অবনতি হলে গত ১৫ জুন তাকে ওই হাসপাতালে ভর্তি করিয়ে দেন তিনি।
“কিন্তু শুক্রবার রাতে ১১টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যান মান্নান। পরে বাসার কাছে ফিরে নিজের ট্রাউজারের রশি গলায় বেঁধে কাঁঠাল গাছে ঝুলে আত্মহত্যা করেন তিনি।”
পুলিশ কর্মকর্তা সেলিম জানান, মান্নানের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীর বালারহাট এলাকায়।
