২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ রোববার

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে রোববার, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 08:55 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

শনিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খন্দকার জানান, বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১১টা ১৭ মিনিটে। রোববার আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

তিনি জানান, রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০ মিনিটে, ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।

সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে।

বিশ্বের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ শুরু হবে রোববার সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে।

কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে সকাল ৯টা ৪৬ মিনিটে, কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে।

ফিলিপিন্সের সামার শহরে ২টা ৩১ মিনিটে এবং মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে সূর্যগ্রহণ দেখা যাবে।

বরিশালে আয়োজন

বছরের প্রথম সূর্যগ্রহণ উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। সকাল ১১টা ২৩ মিনিট থেকে দুপুর ২টা ৫২ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে। সূর্যগ্রহণ উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সকাল ১১টা ৩০ মিনিট থেকে বলিশালের বঙ্গবন্ধু উদ্যানে ‘সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস দুর্যোগের সময় শারীরিক দূরত্ব বজায় রেখে এই ক্যাম্পটি করা হবে। ক্যাম্পে অংশগ্রহণ করতে চাইলে সকাল সাড়ে ১১টার মধ্যে বঙ্গবন্ধু উদ্যানে উপস্থিত হতে হবে এবং অংশগ্রহণকারী সবাইকে মাস্ক পরে আসতে হবে।

এই ক্যাম্পে উপস্থিত থাকবেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্ত্তী।