২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত পিআইডি কর্মকর্তা জাফর আলমের মৃত্যু

তথ্য অধিদপ্তরের সাবেক সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার জাফর আলম মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 08:06 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, শুক্রবার রাতে ঢাকার মিরপুরে নিজের বাসায় মারা যান ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

জাফর আলম অনুবাদ সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন তিনি।

তথ্য সচিব বেগম কামরুন নাহার এক শোকবার্তায় জাফর আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিনও আলাদা বিবৃতিতে জাফর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

১৯৪৩ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করা জাফর আলম তথ্য অধিদপ্তরে যোগ দেন ১৯৭৫ সালে। ২০০১ সালে তিনি সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসরে যান।

‘স্মরণীয় বরণীয় জীবনী গ্রন্থ’ এবং ‘শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর’সহ মোট ২৯টি বই লিখেছেন জাফর আলম।