ইয়াবার মামলায় এসআই ফের রিমান্ডে
ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবং তার সহযোগীকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম মঈনুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- এসআই আতিকুল ইসলাম ও তার সহযোগী রেজাউর রব।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুল পুলিশের এসআই হিসাবে বান্দরবান জেলায় কর্মরত। গত ১৫ জুন ১১ হাজার ইয়াবাসহ মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া শুক্রবার আসামিদের আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
