২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণ অব্যাহত, সাগরে সতর্কতা বহাল

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া অফিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 12:19 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

গত তিন দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। মঙ্গলবার ৩০২ মিলিমিটার, বুধবার ২৫৭ মিলিমিটার ও বৃহস্পতিবার ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার জেলা প্রশাসন ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথও অতি ভারি বর্ষণে ভূমি ধস হতে পারে বলে তিনি সতর্ক করেন।

ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায় সমুদ্রবন্দরে গত বুধবার ৩ নম্বর সতর্কতা জারি হয়েছিল। এখনও তা বহাল রয়েছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামে ৭২ মিলিমিটার, সন্দ্বীপে ১২৮ মিলিমিটার, সীতাকুণ্ডে ১১৪ মিলিমিটার, রাঙ্গামাটিতে ২৪ মিলিমিটার, হাতিয়ায় ১২২ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আারিফুজ্জামান ভুঁইয়া জানান, বহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিককার নদ-নদীতে পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা তা অব্যাহত থাকবে।

দেশের উজানে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়ে ভারি বর্ষণের আভাস রয়েছে। সিকিম-জলপাইগুড়ি অংশেও বৃষ্টিপাত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ১০২ টি পযবেক্ষণ স্টেশনের মধ্যে নদ-নদীর ৮২টি পয়েন্টে পানি বেড়েছে। কমেছে ১৭টি পয়েন্টে ও অপরিবর্তিত রয়েছে ২টি পয়েন্টে।

পুরনো খবর:

মহামারীর সময়ে বন্যার চোখ রাঙানি