২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি বিভাগের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন অর্ধেক বাকি

নতুন করোনা ভাইরাসের অভিঘাতে অনেকাংশেই থমকে গেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত জ্বালানি বিভাগের উন্নয়ন পরিকল্পনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 11:31 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায় বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এই বিভাগের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে ৫৬ শতাংশ।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য দপ্তরের মতো জ্বালানি বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়েছে।

“মহামারীকেন্দ্রিক অচলাবস্থার কারণে প্রায় ৪০০ কোটি টাকায় মালামাল আমদানি করা যায়নি। এতে চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিভাগের ৩২টি বার্ষিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি হয়েছে ৫৬ দশমিক ৮০ শতাংশ।”

তবে আগামী ৩০ জুনের মধ্যে ৮৫ শতাংশ বাস্তবায়ন হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত  প্রকল্পসমূহের মে ২০২০ পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতি এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও পর্যালোচনা' শীর্ষক এই সভায় যোগ দেন।

এসময় তিনি বলেন, জ্বালানি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়া আরও দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অফিসগুলোর আর্কিটেকচার অনুযায়ী অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে।
ভার্চুয়াল এই  সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান, বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে মহিউদ্দিন, হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক এ এস এম মঞ্জুরুল কাদের,  ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ও কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।