মুদ্রা পাচার মামলায় খালেদ ভূঁইয়া রিমান্ডে
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে মুদ্রা পাচার আইনের মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের ভার্চুয়াল কোর্টে শুনানি শেষে রিমান্ডের এই আদেশ আসে।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে খালেদ মাহমুদকে উপস্থিত দেখানো হয়। এরপর আদালত মতিঝিল থানায় দায়ের করা অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ পরিদর্শক রাশেদুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন করলে খালেদের আইনজবী তানভীর আহমেদ এর বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকতা এস আই মোতালেব হোসেন জানান।
সিআইডির পরিদর্শক ইব্রাহিম হোসেন গত ৭ জুন মতিঝিল থানায় খালেদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
খালেদ ছাড়াও তার সহযোগী আইয়ুব রহমান, আবু ইউনুস ওরফে আবু হায়দার, দীন মজুমদার এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে সেখানে আসামি করা হয়।
মামলায় বলা হয়, খালেদের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘অবৈধভাবে উপার্জিত’ প্রায় সাড়ে আট কোটি টাকা মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের ব্যাংকে পাচার করার অভিযোগের প্রমাণ পেয়েছে সিআইডি।
পুলিশ বলছে, আসামিদের মধ্যে আইয়ুব টাকা পাচারের বিষয়টি সরাসরি দেখভাল করতেন। আর আবু ইউনুস বহিস্কৃত যুবলীগ নেতা খালেদের ব্যবসায়িক অংশীদার। দীন মজুমদার পাচার হওয়া অর্থ ব্যাংকে জমা করতেন।
তাদের মধ্যে আইয়ুব দেশে থাকলেও বাকি দুজন দেশের বাইরে আছেন বলে জানান মামলার বাদী পরিদর্শক ইব্রাহিম।
খালেদ মাহমুদ ছিলেন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঢাকার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের অন্যতম কর্ণধার। ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে গত বছর ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তখন সংগঠন থেকে তাকে বহিষ্কার করে যুবলীগ।
তার বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়েছে, যার মধ্যে দুটি মামলা মুদ্রা পাচার আইনের।
মতিঝিল থানার এ মামলার এজাহারে বলা হয়েছে,খালেদ কমলাপুরের রেল ভবন, রাজউক, জাতীয় ক্রীড়া পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, যুব ভবন, কৃষিভবন, ঢাকা ওয়াসা, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের টেন্ডার নিজের তিনটি কোম্পানি ভূইয়া অ্যান্ড ভূইয়া ডেভেলপারস লিমিটেড, অর্ক বিল্ডার্স এবং অর্পণ প্রপার্টিজের মাধ্যমে ‘করায়ত্ব’ করেন।
তাছাড়া মতিঝিল, কমলাপুর, খিলগাঁও, সবুজবাগ, মালিবাগ, শন্তিনগর এলাকায় অবৈধ মাছের বাজার, কোরবানির পশুর হাট, সিএনজি ফিলিং স্টেশন ও গণপরিবহণ থেকে ‘চাঁদা আদায়ের’ পাশাপাশি রেলওয়ের জমিতে ‘অবৈধভাবে মার্কেট করে’ বিক্রি, ফকিরাপুলে ইয়ংম্যান্স ক্লাবে ক্যাসিনো চালিয়ে ‘বিপুল পরিমাণ অবৈধ সম্পদের’ মালিক হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
“তিনি যে কাজের ঠিকাদারী করতেন না, সে কাজের ক্ষেত্রেও অন্য ঠিকাদারের কাছ থেকে ২ থেকে ১০ শতাংশ কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে।”
সিআইডি তদন্ত করতে গিয়ে শাহজাহানপুর, গুলশান এবং মোহাম্মদপুরে খালেদের তিনটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ইতোমধ্যে খালেদের কাছ থেকে মালয়েশিয়ার মাই ব্যাংকের একটি, আরএইবি ব্যাংকের একটি এবং থাইল্যান্ডের ব্যাংকক ব্যাংকের একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে জানিয়ে এজাহারে বলা হয়, সিঙ্গাপুরে ‘অর্পণ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড’ নামে একটি ইলেকট্রনিক্সের দোকানও খুলেছেন খালেদ।
আরও পড়ুন:
