চট্টগ্রামের ১২ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা দেওয়ার নির্দেশ
চট্টগ্রামে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা আছে এমন ১২টি হাসপাতালকে কোভিড-১৯ আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
হাসপাতালগুলো হল- চট্টগ্রামের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতাল, পাঁচলাইশের ডেল্টা হাসপাতাল লিমিটেড, সিএসটিসি হাসপাতাল লিমিটেড, জিইসির মেডিকেল সেন্টার, খুলশীর ইম্পোরিয়াল হাসপাতাল, কাতালগঞ্জের সার্জিস্কোপ হাসপাতাল লিমিটেড (ইউনিট-২), ওআর নিজাম রোডের সি এস সি আর হাসপাতাল লিমিটেড, এশিয়ান হাসপাতাল লিমিটেড, ওয়েল হাসপাতাল লিমিটেড, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল লিমিটেড ও ম্যাক্স হাসপাতাল লিমিটেড।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এস আজিম ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।
আইনজীবী আজিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২টি হাসপাতাল ছাড়াও সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের কী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তা জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জনকে আগামী সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত।”
২২ জুন পরবর্তী আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় আসবে বলে জানান এই আইনজীবী।
চট্ট্রগ্রামের বিভাগীয় করোনা কমিটি পরিদর্শনের পর ১২টি হাসপাতালকে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাছাই করে।
পরে গত ৪ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ১২ এর ২৫ (২) ধারা অনুযায়ী এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে।
তবে প্রজ্ঞাপনটির বাস্তবায়ন না হওয়ায় এর বাস্তবায়ন চেয়ে গত ১০ মে হাই কোর্টে রিট আবেদন করেন মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুল হক নামের সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
গত ১১ মে তার ওপর শুনানির পর সোমবার আদেশের জন্য দিন ছিল।
