২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ পেয়েছে ‘দেড় কোটি’ পরিবার

করোনাভাইরাস মহামারীর মধ্যে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে দেড় কোটিরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 05:02 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

৬৪টি জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, “করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

“১৬ জুন পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার মেট্রিক টন। এতে এক কোটি ৫২ লাখ ছয় হাজার পরিবারের ৬ কোটি ৬৬ লাখ ১৫ হাজার জন উপকারভোগী।”

সরকারি ভাষ্যে বলা হয়েছে, ত্রাণ হিসেবে নগদ ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

এছাড়া শিশুদের খাদ্য কিনতে নগদ ২৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ২২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে ৭ লাখ ১৩ হাজার ৬২১টি পরিবারের উপকারভোগীর সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৫৯৫ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রাখে সরকার। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়েছে, চলছে গণপরিবহনও।

কোভিড-১৯ এর সংক্রমণ পরিস্থিতিতে যেসব শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা ও চাল বরাদ্দ দিচ্ছে।