২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ফ্ল্যাটে চুরি করতে ঢুকে থেকেই গেল ‘চোর’

ঢাকার গুলশানের এক খালি বাড়ি থেকে এক ‘চোর’কে গ্রেপ্তার করে পুলিশ বলছে, ওই ব্যক্তি কয়েকদিন আগে ওই ফ্ল্যাটে ঢুকে দিন কাটাচ্ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 01:29 AM

Updated : 08 Apr 2022, 12:56 AM

গুলশানের ১১৭ নম্বরের ভবনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন নর্থ এন্ড কফির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড হাবার্ড। তিনি কিছুদিন আগে যুক্তরাষ্টে যাওয়ায় ফ্ল্যাটটি খালি ছিল।

ওই ভবনের নিরাপত্তা প্রহরীর কাছে খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে মো. মাসুম (৩২) নামে ওই যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গুলশান জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে মাসুম বলেছে, সে তিন দিন ধরে ওই ফ্ল্যাটে সে থাকছে এবং খাচ্ছে। ওই বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে নাচছে।”

চুরি করে ঢুকলে পালানো না কেন- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মাসুম রাস্তার ফুটপাতে থাকে। মনে করেছে, বের হয়ে কী লাভ। তাই খালি ফ্ল্যাটে থেকে গেছে।”

খালি ফ্ল্যাটে আলো জ্বলতে দেখে নিরাপত্তা প্রহরীদের সন্দেহ বলে তারা থানায় খবর দেয়।

দুই বছর আগে মাসুম এক ইতালীয় নাগরিকের বাসায় চুরি করার অভিযোগে কারাগারে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মাসুমকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রফিক।