রাজধানী লকডাউনের বিষয়ে রিটের আদেশ সোমবার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রিটে আদেশ দেবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
রোববার শুনানির পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ প্রতিরোধে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দেশের সংক্রামক প্রতিরোধ আইন ২০১৮ তে এ ধরনের মহামারীর সময় সিদ্বান্ত নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।
“স্বাস্থ্য মন্ত্রণালয় আদালতের নির্দেশে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে এবং ১৭ সদস্য বিশিষ্ট একটি ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে। এ পরামর্শক কমিটি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শহরকে পুরোপুরি লক ডাউন করার সুপারিশ করেছে। সে অনুযায়ী পদক্ষেপ না নিলে অনেক মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ হতে পারে। আরও অনেক মানুষের মৃত্যু হতে পারে।”
তিনি বলেন, “সংবিদানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আর ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনে যেকোনো আদেশ, নির্দেশ দেওয়ার ক্ষমতা উচ্চ আদালতের আছে। এ আদেশ প্রয়োগ করে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউনের আরজি জানিয়েছি।”
পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত সঙ্কটাপন্ন রোগীদের জন্য পর্যাপ্ত ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা (এইচএফএনসি) এর যোগান, প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। চীনের উদাহরণ টেনে তিনি পুরো ঢাকা শহরকে লকডাউনের বিরোধিতা করেন।
তিনি বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকা লকডাউন করছে। সুতরাং এ পর্যায়ে এসে রিট আবেদনটি চলে না।
শুনানির এক পর্যায়ে বিচারক এম ইনায়েতুর রহিম বলেন, “হাট-বাজারে লোক সমাগম দেখে তো মনে হয়না যে, মহামারী আছে। সবাইকে সচেতন হতে হবে। সচেতন করতেও হবে।”
বিচারক সচেতনতা বাড়াতে কাজ করার জন্য উভয় পক্ষকে অনুরোধ জানান।
গত বৃহস্পতিবার রিটটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটের বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুল ইসলাম।
