২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌহদ্দির বাইরে গিয়ে মানুষের পাশে পুলিশ: আইজিপি

করোনাভাইরাস মহামারীর সংকটে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 06:43 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় অতিরিক্তি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ২১ পুলিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আইজিপি বলেন, “করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সৎকার করছে।

“করোনাকালে জনগণকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ। যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ  পুলিশের পক্ষে কথা বলছেন, পুলিশের জন্য কলম ধরছেন।

তিনি বলেন,  “করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত আমাদের ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।”

“আমাদের স্বাধীনতার প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুধুমাত্র থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকহানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবেলা করেছে পুলিশ। এ গর্বিত ইতিহাসকে ধারণ করতে হবে। এ ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে বাংলাদেশ পুলিশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।”

অতিরিক্ত আইজি (অর্থ) মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (এইচআরএম) এসএম রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা সেখানে ছিলেন।

পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, ১৩ জুন পুলিশে মোট শণাক্ত রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৩১৪ জন।এদের মধ্যে ঢাকা মহানগরে রোগী এক হাজার ৯৩৪ জন; ৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছেন।