২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন: গণস্বাস্থ্য কেন্দ্র

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ দিন চিকিৎসার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 10:48 AM

Updated : 18 Aug 2022, 03:11 PM

তার একটি ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেইসবুক পেইজে প্রকাশ করে বলা হয়েছে, “ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।”

Image
আলোকচিত্রী শহিদুল আলমের তোলা জাফরুল্লাহ চৌধুরীর এই ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

আলোকচিত্রী শহিদুল আলমের তোলা জাফরুল্লাহ চৌধুরীর এই ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রের র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ওই ফেইসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনও নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কা‌ছে ‘কৃতজ্ঞতা জা‌নি‌য়ে‌ছেন’ বলেও জানানো হয় ওই ফেইসবুক পোস্টে।

গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ও গলার প্রদাহের ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে’। নিয়মিত তার ডায়োলাইসিস ও ফিজিও থেরাপি চলছে।

গত ২৫ মে র‌্যাপিড ডট ব্লট কিটে নিজের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। পরে বিএসএমএমইউতে তার আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার।

আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েক দিন বাসাতেই আইসোলেশনে ছিলেন জাফরুল্লাহ। কিন্তু ক্রনিক কিডনি রোগী বলে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। সেজন্য পরে তাকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি তিন দফা প্লাজমা থেরাপিও নেন।

পুরনো খবর:

জাফরুল্লাহ এখন ‘করোনাভাইরাসমুক্ত’: বিজন কুমার শীল