টাকার অভাবে বন্ধ হচ্ছে ‘দীপনপুর’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টানা তিন মাস বন্ধ থাকার পর আর্থিক সংকটে বন্ধ হয়ে যাচ্ছে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের স্মৃতিবিজড়িত বইঘর ‘দীপনপুর’।
এই বইঘরের অন্যতম উদ্যোক্তা ও দীপনের স্ত্রী রাজিয়া রহমান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অচলাবস্থার মধ্যে আর চালাতে পারছেন না, চলতি মাস শেষেই ‘দীপনপুর’ বন্ধ করা ছাড়া উপায় দেখছেন না।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে উগ্রবাদীদের হামলায় নিহত হন প্রকাশক দীপন। তার স্মৃতি ও চেতনাকে ধরে রাখতে ২০১৭ সালের ১৩ জুলাই যাত্রা শুরু করে বইঘর ‘দীপনপুর’।
রাজধানীর এলিফ্যান্ট রোডে ২৩০ নম্বর ভবনে (অটবি শো-রুমের উপর তলায়) প্রায় তিন হাজার স্কয়ার ফুটের বিশাল পরিসরে এই বইঘর গড়ে তোলা হয়েছিল।
রাজিয়া রহমান বলেন, “গত তিন মাস ধরে দীপনপুর বন্ধ। দীপনপুরে যেসব অনুষ্ঠান হত সেসব বন্ধ। বই বিক্রিও বন্ধ। আমাদের কোনো আয় নেই। আমাদের তো আলাদা কোনো ফাউন্ডেশনও নেই দীপনপুর চালানোর মতো।
“এভাবে আর চালাতে পারছিলাম না দীপনপুর। আমাদের ‘অ্যাডভান্স’ কিছু টাকা দেওয়া ছিল। তা এ মাসে কেটে নেওয়া হবে। যদি ‘মিরাকল’ কিছু না হয়, যদি কেউ বড় অঙ্কের টাকা নিয়ে এগিয়ে না আসেন তাহলে আগামী মাস থেকে দীপনপুর আর খুলবে না।”
এই খবরে হতাশা জানিয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৃজনশীল বইয়ের অনন্য সম্ভার নিয়ে হাজির হয়েছিল দীপনপুর। সৃজনশীল মানুষদের আড্ডার বড় জায়গা ছিল দীপনপুর। করোনাভাইরাসের প্রভাবে আর সব ব্যবসা খুলে গেলেও আমাদের বইয়ের ব্যবসা খুলল না।
“সৃজনশীল বইয়ের বিপণনের জায়গায় যে সংকট এসেছে, তার বড় আঘাত দীপনপুর বন্ধ হয়ে যাওয়া। সৃজনশীল মানুষদের জন্য এ বড় দুর্ভাগ্য।”
