অবরুদ্ধ এলাকায় ঘরে বসে উপাসনা: মন্ত্রণালয়
কোভিড-১৯ সংক্রমণ বিবেচনায় যেসব এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা বা অবরুদ্ধ করা হবে, সেসব এলাকায় জনগণকে ঘরে বসে উপাসনা করতে বলেছে সরকার।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাসের লকডাউন শেষে সব খুলে দেওয়ার পর ফের ভাইরাস সংক্রমণ আটকাতে সারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার।
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী সারা দেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তে সায় দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজারে গত ১০ জুন থেকে লকডাউন শুরু হয়েছে।
যে এলাকা রেড জোনে পড়বে, সেখানকার বাসিন্দারা বাইরে যেতে পারবেন না এবং বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। সব ধরনের দোকান-পাট এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে কেনা যাবে। যাদের অনলাইন সুবিধা নেই তাদের জন্য দুই-একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যান সম্পূর্ণ জীবাণুমুক্ত করে এলাকায় পাঠানো হবে।
তাছাড়া রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে। ফলে ওই এলাকায় সরকার-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।
এখন ধর্ম মন্ত্রণালয় রেড জোন এলাকার মানুষজনকে বাসায় উপাসনা করার নির্দেশনা জারি করল।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়েছে।
“বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সকলের সঙ্গে পরামর্শক্রমে লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সাধারণ জনসাধারণের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত বা উপাসনার বিষয়ে নির্দেশ প্রদান করা হল।”
বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে- ১. লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসুল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামায আদায় এবং জুমআর জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে যোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধমীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো হয়েছে এবং কোনো প্রতিষ্ঠানে সরকারি নির্দেশ লংঘিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। |
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ মহামারী আকার ধারণ করায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ৬ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জনসাধারণের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ ঘরে উপাসনা করার নির্দেশনা দিয়েছিল।
পরবর্তীতে ৬ মে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নিষেধাজ্ঞা শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।
