২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ছেলে হারানোর পর এবার নিজে দগ্ধ সাংবাদিক নান্নু

অগ্নিকাণ্ডে ছেলেকে হারানোর মাত্র ছয় মাসের মাথায় নিজের বাসায় একই ঘরে অগ্নিদগ্ধ হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 12:26 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

পুরনো খবর:

এসি বিস্ফোরণে ঘরে আগুন, তরুণের মৃত্যু

শুক্রবার ভোর ৪টার দিকে বাড্ডার আফতাবনগরের বাসায় অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হন। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালী পোড়েনি, কিন্তু ১৫ শতাংশের বেশি পুড়লেই ক্রিটিক্যাল বলা হয়। নান্নুর অবস্থা খুবই ক্রিটিক্যাল।”

আফতাবনগরের ওই বাসায় গত ২ জানুয়ারি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যান নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪)। ওই ঘটনায় নান্নুও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

নান্নুর স্ত্রী শাহানা পল্লবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, যে ঘরে তাদের সন্তান স্বপ্নিল অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল, সেই ঘরেই বৃহস্পতিবার রাতের ঘটনা ঘটে।

“রাতে অফিস থেকে বাসায় ফিরে ও নামাজ পড়ে ভাত খেল। পরে আমরা দুজনে গেলাম স্বপ্নিলের ঘরে। ও খাটে বসা ছিল। সুইচ অন করতেই বিকট শব্দ হল, পরে দেখি ঘরে আগুন, নান্নুর শরীরের পেছন দিক জ্বলছে।”

পরে নান্নু নিজেই বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে নিজের শরীরের আগুন নেভান। ছাদে গিয়ে পাইপ এনে ঘরে ছড়িয়ে পড়া আগুন নেভানোর চেষ্টা করেন।

অন্য ফ্ল্যাটের লোকজন তখন ছুটে এসে নান্নুর শরীরের অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যান। অন্যরা ঘরের আগুন নিভিয়ে ফেলেন।

Image
নান্নুর ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস

নান্নুর ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসোইন জানান, আগুনের খবর পেয়ে তারা আফতাবনগরের ওই দশতলা ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে নান্নুর বাসায় গিয়েছিলেন। কিন্তু তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

নান্নুর স্ত্রী জানান, স্বপ্নীল মারা যাওয়ার পর তারা ওই ফ্ল্যাটে না থেকে বেশ কিছুদিন অন্য বাসায় ছিলেন। এরমধ্যে পুড়ে যাওয়া ঘর ঠিক করা হয়।

প্রায় ছয় মাস পর জুনের শুরুতে আবার এই ফ্ল্যাটে ওঠার কথা জানিয়ে পল্লবী বলেন, “বাসায় ওঠার পর থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। বিষয়টি ডেভেলপার কোম্পানিকে জানানোও হয়েছিল। বলেছিল, শুক্রবার কোম্পানি থেকে লোক এসে দেখবে।”

যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নান্নু আমাদের সঙ্গে আছেন বহু বছর ধরে, শুধু মাঝে কিছুদিন ছিলেন না। তখন নিজে একটি ইউটিউব চালাতেন। ছেলের মৃত্যুর পর গত মার্চ মাসে আবার যুগান্তরে যোগ দেন।”