কিউএসের ‘সেরা হাজার বিশ্ববিদ্যালয়ের’ তালিকায় ঢাবি-বুয়েট
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে ‘বিশ্ব সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের’ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম এসেছে।
বুধবার সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করা হয়। এতে টানা তৃতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ৮০১ ও ১০০০তম স্থানে রয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র্যাংকিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস৷
ছয়টি সূচকে মোট ১০০ নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করে কিউএস। এর মধ্যে একাডেমিক খ্যাতি ৪০, চাকরির বাজারে সুনাম ১০, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ২০, শিক্ষকদের গবেষণা ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ৫ নম্বর ধরা হয়৷
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের স্কোর জানা যায়নি।
এ বছর ‘কিউএস র্যাংকিং ১০০’ তালিকায় পুরো নম্বর নিয়ে টানা নবমবারের মতো প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের আরেক বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ৯৭ দশমিক ৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
গত বছর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে থাকলেও এবার ৯৬ দশমিক ৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি। চতুর্থ স্থানে এবার স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি।
তালিকায় প্রথম ১০-এ থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ষষ্ঠ স্থানে সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ইমপিরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব শিকাগো এবং ইউসিএল।
এ বছর শীর্ষ ১০ এর পাঁচটিসহ মোট ১৫১টি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের৷ অপরদিকে এই তালিকায় শীর্ষ ১০-এ চারটিসহ মোট ৮৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে যুক্তরাজ্যের।
এশিয়া থেকে চীনের ৫১টি, জাপানের ৪১টি, মালয়েশিয়ার ২০টি, সৌদি আরবের ১০টি, ইরানের পাঁচটি, ইসরায়েলের ৬টি ও সিঙ্গাপুরের ৩টি বিশ্ববিদ্যালয় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে৷
ভারতের ৮টি ও পাকিস্তানের ৩টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে কিউএসের বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়। সার্কভুক্ত অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি৷
এক সপ্তাহ আগেই যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশিত ‘টাইমস হায়ার এডুকেশন’ তালিকায় এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছিল।
এছাড়া গত সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস (সিডব্লিউইউআর) প্রকাশিত বিশ্বের ‘শীর্ষ দুই হাজার বিশ্ববিদ্যালয়ের’ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছিল।
এ নিয়ে বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসউব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহ আন্ডারগ্র্যাজুয়েট নির্ভর। এখানে এমএসসি বা পিএইচডি ডিগ্রির জন্য ওইভাবে গবেষণা করা হয় না।
“র্যাংকিংয়ে যে বিষয়গুলো দেখা হয়, এরমধ্যে গবেষণা, পাবলিকেশন্স ও সাইটেশন গুরুত্বপূর্ণ। এছাড়া বিদেশি শিক্ষক-শিক্ষার্থী অনুপাতও আমাদের খুবই কম। এগুলোতে পিছিয়ে থাকায় র্যাংকিংয়ে আমরা ভালো অবস্থানে থাকতে পারছি না।”
বাজেটে গবেষণাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, “সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ দেয়, তা শিক্ষকদের বেতন ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় চলে যায়।
“গবেষণা খাতে বরাদ্দ মাত্র ২ দশমিক ৩ শতাংশ। সেটা বাড়িয়ে ১০ শতাংশ করা উচিত। র্যাংকিংয়ে ভালো অবস্থানে যেতে সরকারের কাছে আমাদের এ দাবি থাকবে।”
তালিকায় পেছনের দিকে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব সূচক ও প্যারামিটারে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং করা হয়, তার কিছু বিষয় আমাদের ঘাটতি রয়েছে।
“শিক্ষার সামগ্রিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, বিশ্ববিদ্যালয়ের বাজেটে নিজস্ব আয় ও গবেষণার জন্য উন্নত ল্যাব ইত্যাদি বিষয়ে ঘাটতির কারণেও ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে পিছিয়ে আছে। এগুলোর উন্নয়ন না হলে ভালো র্যাংকিং আশা করা যায় না। তারপরও আমরা চেষ্টা করছি শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রাখার।”
আরও খবর-
