সিডব্লিউইউআর’র ‘বিশ্ব সেরা ২ হাজার বিশ্ববিদ্যালয়ের’ তালিকায় ঢাবি
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংসের (সিডব্লিউইউআর) করা বিশ্বের শীর্ষ দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।
সিডব্লিউইউআরের ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক তালিকায় এক হাজার ৭৯৪তম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার এ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় টানা নবমবারের মতো প্রথম স্থানে রয়েছে। ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ৬৪টি এবং পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।
বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেলেও র্যাংকিংয়ে গত বছরের তুলনায় ১১০ ধাপ পিছিয়েছে এবার। গত বছর অবস্থান ছিল ১৬৮৪তম। সাতটি সূচকে মোট স্কোর ১০০-র মধ্যে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬, যা গতবছর ছিল ৬৭।
মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর৷ এগুলোর মধ্যে শিক্ষার মান, প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান, শিক্ষকদের মান, মানসম্পন্ন প্রকাশনা ও গবেষণা রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক ‘টাইমস হায়ার এডুকেশন’ র্যাংকিংয়েও এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আসে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাংকিংয়ের বিষয়টি আমরা আবগত হয়েছি। জাতীয়ভাবে আমরা দেশে প্রথম স্থান অধিকার করলেও আন্তর্জাতিকভাবে অনেকটা পিছিয়ে। এর অনেক কারণ রয়েছে। প্রথমত এসব র্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তথ্য উঠে আসে না। আমাদের ওয়েবসাইটে সব তথ্য ওভাবে দেওয়া নেই।
“তবে এখন আমরা নতুন একটি আইসিটি সেল গঠন করে শিক্ষকদের গবেষণা এবং তাদের অর্জনগুলোর তথ্য সংগ্রহের একটি প্রয়াস নিয়েছি। সেগুলো ওয়েবসাইটে নিয়মিত আপডেট করারও ব্যবস্থা করা হচ্ছে।”
উপাচার্য বলেন, “যেসব সূচক ও প্যারামিটারে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং করা হয়, তার কিছু বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে। এগুলোর উন্নয়ন না হলে ভালো র্যাংকিং আশা করা যায় না।
“শিক্ষার সামগ্রিক পরিবেশ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, বিশ্ববিদ্যালয়ের বাজেটে নিজস্ব আয় ও গবেষণার জন্য উন্নত ল্যাব ইত্যাদি বিষয়ে ঘাটতির কারণেও ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে পিছিয়ে আছে। এগুলো ঠিক করতে পারলে আমরা ভালো অবস্থানে যেতে পারব।”
