২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকরা যেন চাকরিচ্যুত না হয়, আমিরাতকে অনুরোধ মোমেনের

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা যেন চাকুরিচ্যূত হয়ে দেশে ফেরত না আসে, সে ব্যবস্থা নিতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 09:08 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে এ অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরত্বপূর্ণ ভুমিকা রাখছে মন্তব্য করে এ পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “কেউ চাকুরিচ্যুত হলেও যেন কমপক্ষে ছয় মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা পায়।”

সেইসঙ্গে সেদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও অনুরোধ করেছেন তিনি।

আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

টেলিফোন আলাপে মোমেন বলেন, কোনো বাংলাদেশি শ্রমিক সংযুক্ত আরব আমিরাত থেকে যদি ফেরত আসতে চায়, তবে তারা ’করোনাভাইরাস নেগেটিভ’ সার্টিফিকেটসহ ধাপে ধাপে আসতে পারে।

সৌদি আরবের পরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২০ লাখ প্রবাসী কর্মী কাজ করেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ থেকে সবজি এবং হালাল চিকেন ও গরুর মাংস আমদানি করতে আরব আমিরাতের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পারিক অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে ফোনালাপে প্রতিশ্রুতি দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।