টিএইচই এশিয়া অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকায় আইইউবি
এ বছর টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) এশিয়া অ্যাওয়ার্ডসের ‘স্টুডেন্ট রিক্রুটমেন্ট ক্যাম্পেইন অফ দ্যা ইয়ার’ বিভাগে পুরস্কারের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
চূড়ান্ত ফল প্রকাশের আগে গত ৩ জুন টাইমস হাইয়ার এডুকেশন ম্যাগাজিনের ওয়েবসাইটে মোট ১০ বিভাগে ৬০টির বেশি ‘সেরা’ শিক্ষা প্রতিষ্ঠানের নামের এই চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টুডেন্ট রিক্রুটমেন্ট ক্যাম্পেইন অফ দ্যা ইয়ার’ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেবল আইইউবিই বাংলাদেশের।
অন্য বিশ্ববিদ্যালয়গুলো হল- পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি, কাতার ইউনিভার্সিটি, চীনের সাদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেত্রোনাস এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্স।
টাইমস হাইয়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে ২০১৯ সাল থেকে। বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব, উদ্ভাবন, প্রযুক্তি, শিক্ষা পরিকল্পনার মূল্যায়ন করে কয়েকটি বিভাগে এই স্বীকৃতি দেওয়া হয়।
এ বছর ৩০টি অঞ্চল থেকে দেড়শ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিকভাবে এই আয়োজনে অংশ নেওয়ার আবেদন করেছিল। আগের বছর পাঁচ বিভাগে পুরস্কার দেওয়া হলেও এবার ১০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে টিএইচই।
আগামী নভেম্বরে অনলাইনে এই পুরস্কারের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
