২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ইমপালস হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

রাজধানীর ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জলিলুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 01:09 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান।

ডা. জলিল ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৩১ মে থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন বলে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার অধ্যাপক ডা. খাদিজা ঝুমা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবস্থার অবনতি হলে তিন দিন আগে উনাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার সেখানে তিনি মারা যান।”

ডা. জলিলুর রহমান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

বিএমএর প্রচার সম্পাদক ডা. শেখ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মঙ্গলবার পর্যন্ত ২২ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও পাঁচজন মারা গেছেন কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত ৯৫৭ জন চিকিৎসকের মধ্যে এ রোগের সংক্রমণ ধরা পড়েছে।