‘নালায় ওষুধ ফেলে’ বরখাস্ত ডিএসসিসির মশককর্মী
মশার ওষুধ নালায় ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক অস্থায়ী মশক নিধন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
রাজন দাস নামের ওই ব্যক্তি ওয়ারির সিটি কলোনির বাসিন্দা। একই ঘটনায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ডিএসসিসির সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত আদেশে বলা হয়, লার্ভিসাইডিংয়ের কীটনাশক ড্রেনে ফেলে দেওয়ার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা সরকারের সম্পদ নষ্ট করার দায়ে রাজন দাসকে কর্মচ্যুত করা হল।
রাজন দাসের সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত ৭ জুন লালবাগের নবাবগঞ্জ পার্কে বছরব্যাপী সমন্বিত মশক নিধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তাকে অঞ্চল-৩ এর ২৫ নম্বর ওয়ার্ডের নিধন কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মনিরুজ্জামান লার্ভিসাইডিং কার্যক্রম তদারক না করে অপ্রয়োজনে ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থান করেছেন।
“মনিরুজ্জামানের অনুপস্থিতিতে রাজন দাস কীটনাশক ড্রেনের পানিতে ফেলে দিয়ে করপোরেশনের ক্ষতি সাধন করেছেন। এ ঘটনায় রাজন দাসের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন করেছেন। এতে আপনার দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে।”
এ ধরনের কর্মকাণ্ড সিটি করপোরেশনের চাকুরি বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ কারণে মনিরুজ্জামানকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শেখ ফজলে নূর তাপস গত ১৬ মে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরদিনই করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন।
এর চার দিনের মাথায় রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা আতাহার আলী খানকে বরখাস্ত করেন মেয়র ফজলে নূর তাপস।
