আনিসুজ্জামানকে ‘পরমপুত্র’ করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত
পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্ত কিশোর ভাষাসংগ্রামী আনিসুজ্জামানকে ‘পরমপুত্র’ হিসেবে গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন একাত্তরের ওই শহীদের নাতি আরমা দত্ত।
সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মন্জুরের স্মরণ সভায় কয়েক দশকের আগের ওই ঘটনার স্মৃতিচারণ করেন সংসদ সদস্য আরমা।
তিনি বলেন, “আমি আনিস কাকুকে প্রথম দেখি তিনি কুমিল্লায় তার শিক্ষক অজিত গুহের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওখান থেকে তিনি আমার দাদুকে প্রণাম করতে এসেছিলেন।
অধ্যাপক আনিসুজ্জামান
“তখন আমার খুব রাগ হল, বল্লাম তোমার পুত্রতো দুজন এ তোমার কেমন পুত্র? তখন ধীরেন্দ্রনাথ বলেন, এ হচ্ছে আমার পরমপুত্র।”
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে প্রথম ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত ।
ওই অধিবেশনে তিনি বলেছিলেন, পাকিস্তানে পূর্ব পাকিস্তানের জনসংখ্যাই বেশি এবং তারা বাঙালি। সেহেতু অবশ্যই বাংলাকে পূর্ব পাকিস্তানের সকল কার্যাবলীর জন্য ব্যবহার করা উচিত এবং পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। কিন্তু লিয়াকত আলী খান সাম্প্রদায়িক বক্তব্যের ভিত্তিতে এই দাবি নাকচ করে দেন।
এর পরে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন উত্তাল পূর্ব বাংলা, সেই সময় মাত্র ১৫ বছর বয়সেই মাতৃভাষা রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হন আনিসুজ্জামান।
সে সময় ভাষা আন্দোলন সম্পর্কে গণমানুষকে সম্পৃক্ত করার জন্য, সচেতন করার জন্য একটা পুস্তিকা লেখার দায়িত্ব দেওয়া হয় কিশোর আনিসুজ্জামানকে। ‘রাষ্ট্রভাষা কী ও কেন?’ শিরোনামে সেই পুস্তিকা লিখেছিলেন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আগে রাষ্ট্রভাষা আন্দোলনের ওপর এটাই ছিল প্রথম পুস্তিকা।
পরে বাংলাদেশের সংবিধানের বাংলা সংস্করণ লেখাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে প্রায় সাত দশক ধরে ভূমিকা রেখে গেছেন অধ্যাপক আনিসুজ্জামান।
অপরদিকে মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লার কুখ্যাত যুদ্ধাপরাধী আবদুল করিমের তত্ত্বাবধানে ছোট ছেলে দিলীপ কুমার দত্তসহ ধীরেন্দ্রনাথ দত্তকে ধরে নেওয়া হয় এবং কুমিল্লার ময়নামতি নিয়ে নির্যাতন করে তাদের হত্যা করা হয়।
গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী আরমা দত্ত
তিনি বলেন, “প্রতিটি মানুষের প্রতি অধ্যাপক আনিসুজ্জামানের যে শ্রদ্ধা এবং ভেতরের গভীরতা, তা আমি আর কারও মধ্যে দেখিনি। তিনি একজন খাটি মানুষ ও খাটি দেশপ্রেমিক ছিলে। এমন মানুষ আমরা আর জীবনে পাব না।
“তিনি হচ্ছেন সত্যিকারের একজন মনিষী। আগামীতে বইপত্রে যেন ওনাকে এই রকম একজন মনিষী হিসেবে উপস্থাপন করা হয়।”
এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, রাশেদা কে চৌধুরী, মোস্তফা মনোয়ার, আবুল খায়ের লিটু, শাহিন আনাম, হামিদা হোসেন এবং সাংসদ সেলিমা আহমাদসহ আরও অনেকে স্মৃতিচারণ করেন।
সম্মরণ সভায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে নিয়ে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “জামিলুর রেজা চৌধুরী কতটা খ্যাতির শীর্ষে উঠলে শুধু নামের অদ্যাক্ষর দিয়ে (জেআরসি) পরিচিত হয়ে উঠেন, তার উদাহরণ তিনি।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
অর্থনীতির অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “বাংলাদেশের কোনও মেগা প্রকল্প বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু প্রকল্প থেকে শুরু করে পদ্মাসেতু এমনকি ইদানিং প্রস্তাবিত যতগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমনকি কর্ণফুলী টানেল পর্যন্ত এমন কোনও প্রকল্প পাবেন না, যেখানে উপদেষ্টা কমিটির তিনি চেয়ার না।”
আন্তর্জাতিক পর্যায়েও জামিলুর রেজা চৌধুরীর সম্মানের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক এক্সপার্ট কমিটির প্যানেলের চেয়ার। এটা একটা অনেক বড় জিনিস।
“এছাড়া বুয়েটের কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ব্রাক ইউনিভার্সিটিতে তার অনেক অবদান। তার কিছু কিছু জায়গায় আমিও তার সঙ্গে কাজ করেছি। এ সময়কালে তার নিষ্ঠা ও জাতির প্রতি দায়বদ্ধতার অনেক কিছু আছে। এসব বলতে গেলে আমার কান্না আসবে।”
এই স্মরণ সভায় সভাপতির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর বাংলাদেশের ভৌত অবকাঠামো উন্নয়নে অবদান, বাংলা ভাষার জন্য অধ্যাপক আনিসুজ্জামানের অবদান এবং জাতি গঠনে শিক্ষায় অবদানের জন্য নিলুফার মন্জুরের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা করেন।
