‘কোভিড-১৯ যুদ্ধে’ সুস্থ থাকতে পুলিশের যোগ অনুশীলন
‘সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য চাই যথাযথ যোগ অনুশীলন’ স্লোগান নিয়ে পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সদস্যরা শুরু করেছেন যোগ ব্যায়াম।
সোমবার কূটনৈতিক পাড়া গুলাশানে পুলিশের মাঠে দেড় ঘণ্টা ধরে এই যোগ অনুশীলন চলে।
ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিভাগের দেড়শ পুলিশ সদস্য সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত যোগ অনুশীলশন করেন।
তার আগে রোববার এই বিভাগের উপ-কমিশনার আশরাফুল ইসলাম যোগ কর্মশালার উদ্বোধন করেন।
রাজন সাহা বলেন, পুলিশ বিভাগের সবাই কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে, পাশাপাশি দেশ ও জাতির নিরাপত্তা ও কূটনীতিকদের নিরাপত্তাসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তারা পালন করছেন।
এ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মুহিত কবির সেরনিয়াবাত বলেন, একদিন পরপর এই অনুশীলন হবে। এ বিভাগের ১২ শ পুলিশ সদস্য পর্যায়ক্রমে যোগ অনুশীলনে অংশ নেবেন।
পুলিশ কর্মকর্তা রাজন সাহা বলেন, ডিপ্লোম্যাটিক পুলিশের ৬৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন, ৬২ জন সুস্থ হয়েছে। এখন ৩ জন চিকিৎসাধীন।
পুলিশ বাহিনীতে এ পর্যন্ত ৬ হাজার ২০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, ১৮ জনের মৃত্যু হয়েছে। আর ২ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
