ডিএনসিসির অভিযানে ২১৬টি বাড়িতে মিলল এইডিসের লার্ভা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশানিধন অভিযানে ২১৬ বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।
অভিযানে ১৩ হাজার ৯৭৮টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শনে ১০ হাজার ১২১টিতেই এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।
এ কারণে তেজগাঁও শিল্প এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসি জানিয়েছে, শনিবার শুরু হওয়া এ অভিযান আগামী ১০ দিন চলবে। প্রতিটি অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন ডিএনসিসির কর্মকর্তা।
চিরুনি অভিযান পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের ১টি সেক্টরে অর্থ্যাৎ ১০টি সাবসেক্টরে ‘চিরুনি অভিযান’ পরিচালনা করা হবে।
প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশককর্মী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, স্থাপনা ও প্রতিষ্ঠানে যাচ্ছেন। তারা কোথাও এইডিস মশার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ আছে কি না দেখছেন।
চিরুনি অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের ৯ জন কীটতত্ববিদ, ডিএনসিসির ৩ জন কীটতত্ববিদ, স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।
এতে কারিগরি সহায়তা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
