২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড ১৯: মন্ত্রী-এমপি ছয়জন আক্রান্ত, সুস্থ ১

বাংলাদেশে এখন পর্যন্ত একজন মন্ত্রীসহ সংসদের মোট ছয়জন সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন একজন। আক্রান্ত সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 05:46 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

কোভিড-১৯ আক্রান্ত আইনপ্রণেতারা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম, বান্দরবানের এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ব্রাহ্মণবাড়িয়া-৫ এর এবাদুল করিম বুলবুল, জামালপুর-২ এর ফরিদুল হক খান, চট্টগ্রাম-১৬ এর মোস্তফিজুর রহমান চৌধুরী এবং নওগাঁ-২ এর সাংসদ শহীদুজ্জমান সরকার।

আইন প্রণেতাদের মধ্যে কারোনাভাইরাসে আক্রান্তের প্রথম খবর আসে শহীদুজ্জমান সরকারের। গত ১ মে সাবেক হুইপ শহীদুজ্জামান সরকারের আক্রান্ত হওয়ার খবর আসে। শুরু থেকেই ন্যাম ভবনে নিজের ফ্ল্যাটে ‘আইসোলেশনে’ ছিলেন তিনি। দুই দফা পরীক্ষার পর রিপোর্ট আসে তিনি সংক্রমণমুক্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় কারও করোনাভাইরাস শণাক্ত হলে তাকে হাসপাতাল বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে ‘সুস্থ’ বলা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি করোনা ভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে এখন স্বাভাবিক কাজ করছি। স্বাস্থ্যবিধি মেনে ঘরবন্দি থেকে চিকিৎসা নিয়েছি। শ্বাস-প্রশ্বাসের সমস্যা না হলে ঘরে বসেই এ রোগ থেকে মুক্ত হওয়া যায়।”

রোববার স্বাস্থ্য অধিপ্তরের হিসাব অনুযায়ী একদিনে রেকর্ড ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৮ জন।

সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৪৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।

কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সবচেয়ে ‘শঙ্কাজনক’ অবস্থায় আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গত সাতদিন ধরে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

Image
ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান, ও শহীদুজ্জামান সরকার

ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান, ও শহীদুজ্জামান সরকার

মন্ত্রীদের মধ্যে প্রথম আক্রান্ত বীর বাহাদুর ঊশৈসিং। ৬০ বছর বয়সী বীর বাহাদুর আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার তার করোনাভাইরাস পজিটিভ আসে।

রোববার বান্দরবান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।

সংসদ সদস্যদের মধ্যে পুরো পরিবারসহ আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন।

এমপি মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।

তারা করোনাভাইরাস পরীক্ষার ফলাফল মঙ্গলবার জানতে পারলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় শুক্রবার।

জামালপুরের এমপি ফরিদুল হক খানের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ৪ জুন। ৬৭ বছর বয়সী ফরিদুল আপাতত জামালপুরে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার কোনো উপসর্গ দেখা যায়নি। পরীক্ষায় পজেটিভ ফল এসেছে। তাই বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আমার জন্য দোয়া করবেন।”

ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের আক্রান্ত হওয়ার খবর আসার পর তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম জানিয়েছেন, নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর থেকে বাসাতেই তার ভাইয়ের চিকিৎসা চলছে।

সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “আক্রান্ত সংসদ সদস্যদের সার্বক্ষণিক চিকিৎসার খবর সংসদ থেকে নেওয়া হচ্ছে। আমরা আশা করি তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”

এর বাইরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসার চারজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে কয়েকটি সংবাদ মাধ্যমে চট্টগ্রামের আরেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর আক্রান্তের খবর এলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন, তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তিনি সুস্থ আছেন।