গণপরিবহনে বেশি ভাড়া নিলে আইনি ব্যবস্থা: কাদের
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “কিছু কিছু গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। আমি এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সরকারি নির্দেশনা পালনে আবারও অনুরোধ করছি।
“পাশাপাশি এই দুঃসময়ে যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, ভিজিলেন টিম সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি । সংকটের সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “অভিযোগ আছে, অনেক হাসপাতাল করোনা রোগীকে উপেক্ষা করছে, যথাযথ যত্ন ও সেবা দিচ্ছে না।”
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ ও করোনা যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের।
বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অপপ্রচারের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকার জাতির সংকটে সকলের নিকট দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দ্বিমত, বহুমত গণতান্ত্রিক সমাজের অলংকার। কিন্তু অভিন্ন ও প্রাণঘাতী শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমত নয়, ঐক্যবদ্ধতা সংকট সমাধানের শক্তি। এতে লড়াইয়ের ময়দানে থাকা যোদ্ধারা মনোবল পায়।
“তাই আমি বিএনপিসহ রাজনৈতিক দলসমূহকে বলব, সরকারের সমালোচনাকে আপনারা নিত্য রুটিন ওয়ার্কে পরিণত করবেন না । এ ধরনের অপপ্রচার ও বিভক্তি করোনা সংক্রমণ তথা ভাইরাসকে প্রাণশক্তি যোগাচ্ছে।”
করোনাভাইরাস সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ অবস্থান ২১তম। এ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এ অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।আমি সরকারের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”
সড়ক ও জনপথ বিভাগের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “যে সড়কটির কাজ জরুরি, জনগণের চলাচল এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেটি অগ্রাধিকার দিতে হবে। যে সকল প্রকল্পের কাজ বন্ধ ছিল, সেগুলো দ্রুত শুরু করতে হবে। আর যে সকল কাজ সীমিত আকারে চলছে, সেগুলোতে দ্রুতগতি সঞ্চার করতে হবে। প্রকল্পসমূহ দ্রুত এগিয়ে নিয়ে দৃশ্যমান করতে হবে। আমাদের অপচয় করার সময় নেই। অধিক কাজ করে বন্ধকালীন সময়ের ক্ষতিপূরণ করতে হবে। নিজেদের দক্ষতার সবটুকু দিয়ে সড়ক উন্নয়ন কাজ যথাযথভাবে করতে হবে।”
কর্মরত শ্রমিকদের বেতনভাতাসহ সব পাওনা যেন পরিশোধ করা হয়, তা নিশ্চিত কররারও নির্দেশনা দেন তিনি।
