২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার জঙ্গি ছিলেন ‘মুসলিম ভিলেজ’ গড়ার চেষ্টায়: র‌্যাব

পাবনা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, ওই যুবক আনসার আল ইসলামের সদস্য এবং জঙ্গি নিয়ন্ত্রিত গ্রাম গড়ার পরিকল্পনায় ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2020, 08:56 PM

Updated : 18 Aug 2022, 03:05 PM

গ্রেপ্তার যুবকের নাম আব্দুল্লাহ আকাশ (২৫)। তাকে পাবনার বিসিক শিল্প এলাকা সংলগ্ন কলাবাগান মাঠপাড়া থেকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-২।

রোববার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের সময় স্থানীয় জনগণের সম্মুখে আকাশের বাসা থেকে ‘ইমপ্রোভাইজড’ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয় এবং উগ্রাবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এ বছরের ২৯ জানুয়ারি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ সংলগ্ন পিকলুছ ভিলা থেকে তিন জঙ্গিকে বিস্ফোরকসহ গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

মামলা তদন্ত করতে গিয়ে আবু রায়হান লিমন, সাইফুল্লাহ নাঈম, নাবিল চোকদার, শাফাত আহাম্মদ চৌধুরী, সাকিব আল ইমতিহান ওরফে আবু মুছা, মুহিব মুশফিক, ও নাজমুস সাদাত নামে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও পরিকল্পনা ‘উদঘাটন’ করা হয়।

“তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তাদের গ্রুপের সদস্যদের সহযোগিতায় বাংলাদেশে ‘মুসলিম ভিলেজ’ নামে একটি গ্রাম থেকে তাদের কাজ শুরুর পরিকল্পনা আঁটছিল।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মুসলিম ভিলেজের কনসেপ্ট হল সেখানে আল্লাহর আইন হবে, মনুষ্য কোনো নীতিতে গ্রাম চলবে না, কেউ সরকারকে কোনো খাজনা দেবে না।

“মুসলিম ভিলেজ প্রতিষ্ঠা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী অনুমোদন দেবে না, গ্রেপ্তার হতে পারে। সে জন্য তারা সশস্ত্র প্রতিরোধের জন্য অস্ত্র, বিস্ফোরক ও ইমপ্রোভাইজড বোমা তৈরির সরঞ্জামাদি সংগ্রহ, তৈরির চেষ্টাসহ নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছিল।”

আকাশকে মুন্সিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানায়।