মধ্যবিত্তদের ঈদ উপহার দিলেন অগ্রণী স্কুলের সাবেক শিক্ষার্থীরা
করোনাভাইরাস সঙ্কটে বিপাকে পড়া দেড়শ মধ্যবিত্ত পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন ঢাকার অগ্রণী স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
ওই স্কুলের ৯৮ ব্যাচের শিক্ষার্থী পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, “সঙ্কোচের কারণে যারা বাইরে কারো কাছে চাইতে পারেন না, নাম ঠিকানা গোপন রেখে তাদের এই সহায়তা দিচ্ছি আমরা।”
অগ্রণী স্কুলের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এবার ঈদে ১৫০ পরিবারের বাসায় এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, ১ কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম আদা, ২৫০ গ্রাম রসুন; ৫০ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনের গুঁড়া; সাবান, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, গরম মশলা, ১ কেজি পোলাও চাল, নুডলস, ৩৫০ গ্রাম টোস্ট বিস্কুট এবং ১ প্যাকেট গুঁড়া দুধ।
আর ঈদের দিন পোলাও এর সঙ্গে ডিম/মুরগি/সবজি কিনে খাবার জন্য খামে দেওয়া হচ্ছে ৫০০ টাকা করে।
মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘খোঁজ নিয়েছেন’ নাম দিয়ে একটি সংগঠনের মাধ্যমে তারা দুস্থদের সহযোগিতা করে আসছেন।
