২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বোনাসের দাবিতে মানববন্ধনে চিকিৎসকরা

ঈদ বোনাদের দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 11:45 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

উত্তরা আধুনিক হাসপাতাল শিক্ষক ও চিকিৎসক কল্যাণ সমিতির ব্যানারে মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক হাসপাতালের পরিচালনা, সেবা ও কাজের পরিধি অন্যান্য বেসরকারি হাসপাতাল থেকে ভিন্ন। বিএমএআরআই নামের একটি প্রতিষ্ঠান দুটি হাসপাতাল পরিচালনা করে।

“এর কর্মীরা যে সার্ভিস রুলের আওতায় পরিচালিত হন তা সরকারি সার্ভিস রুলের প্রায় কাছাকাছি। করোনাভাইরাসের অজুহাতে কর্তৃপক্ষ এ দুটি প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা অমানবিক।”

ঈদ বোনাস না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমিক দিয়েছেন মানববন্ধনকারীরা।

উত্তরা আধুনিক হাসপাতাল শিক্ষক ও চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. মারুফ বিন হাবিব মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাস্টি বোর্ডের অধীনে প্রতিষ্ঠান দুটি চলে। কিন্তু তারা এখন ‘মালিকসুলভ’ আচরণ করছে।

“করোনাকালীন সময়ে ফ্রন্টলাইনাররা যদি তাদের ন্যায্য পাওনা না পায় তাহলে কীভাবে হবে? এর আগে বৈশাখী ভাতা দেয় নাই। এখন বলছে বোনাস দিবে না। এখন আর চুপ থাকা যাবে না। এটা আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা আধুনিক হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের নির্বাহী কমিটিকে বিষয়টি জানিয়েছেন তারা।

“এ বিষয়ে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এজন্য আমরা ইসি কমিটিকে জানিয়েছি। এ ব্যাপারে কমিটি সিদ্ধান্ত দেবেন।”