করোনাভাইরাস থেকে সুস্থ আরও ১৪৫ পুলিশ
চিকিৎসা নিয়ে করোনাভাইরাসমুক্ত হয়েছেন পুলিশের আরও ১৪৫ জন সদস্য।
এরা সবাই মঙ্গলবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এই ১৪৫ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই ১৪৫ পুলিশ সদস্যের পর পর দুইবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনাভাইরাসমুক্ত ও সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেন।
সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
