২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: উপদেষ্টা কমিটির সুপারিশ জানতে চায় হাই কোর্ট

কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে সরকারের গঠিত উপদেষ্টা কমিটি কি কি পদক্ষেপের সুপারিশ করেছে সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 03:32 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

উপদেষ্টা কমিটির চেয়ারম্যানকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর সব স্বাস্থ্যকর্মীর সুরক্ষা উপকরণ নিশ্চিত করতেও বলেছে।

রিট আবেদনের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ; রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মনজিল মোরসেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনস্বার্থে করা এ রিট আবেদনটির শুনানি নিয়ে আদালত দুটি নির্দেশনা দিয়েছেন এবং আবেদনটি হাই কোর্টের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।”

বেসরকারি হাসপাতালের প্রবেশ মুখে ‘হলুদ জোন’ স্থাপন করে প্রত্যেক রোগীকে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে গত ১৪ মে ভার্চুয়াল আদালতে রিট আবেদনটি করা হয়।

মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে মনজিল মোরসেদ নিজেই আবেদনটি করেন।

এতে বিবাদি করা হয় সংক্রমণ ব্যধি প্রতিরোধে করা কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত স্বাস্থ্য সচিব (হাসপাতাল) ও বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে।