ঘূর্ণিঝড়ে কৃষিতে বড় ক্ষতির শঙ্কা দেখছে না সরকার
ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশে আঘাত হানলেও কৃষিতে বড় ধরনের ক্ষতির কোনো শঙ্কা দেখছে না সরকার।
হাওর অঞ্চলের শতভাগ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৮০ শতাংশের বেশি বোরো ধান কাটা শেষ হওয়ায় ঘূর্ণিঝড় আঘাত হানলেও কৃষকদের তেমন ক্ষতি হবে না বলেই মনে করছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যে এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তারমধ্যে শুধু বরিশাল জেলায় ৬৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বাকি সব অঞ্চলে ৮০ শাতাংশের বেশি ধান কাটা হয়েছে।
“উপকূলীয় অঞ্চলের অনেক এলাকায় ৯০ শতাংশ ধানও কাটা হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা দেখছি, ঝড় হলেও কৃষিতে খুব একটা ক্ষতি হবে না।”
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়াবিদরা ধারণা করছেন।
এই ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর যেসব কৃষকের ধান ৮০ শতাংশের বেশি পেকেছে সেগুলো কেটে ফেলতে সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি সচিব।
“গত দুই দিন ধরে মাইকিং করে কৃষকদের বলা হচ্ছে, যাদের ধান ৮০ শতাংশ পেকেছে তারা যেন ধান কেটে ফেলেন। আমরা মনে করছি, ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই কৃষকরা ধান কাটা শেষ করতে পারবেন।”
নাসিরুজ্জামান বলেন, একেবারেই না পাকায় কোনো কোনো এলাকায় অল্প কিছু ধান মাঠে থাকবে, কারণ যেটা পাকবে না সেটা তো আর কাটা যাবে না।
“বরিশালে একটু দেরিতে রোবো ধান আবাদ হয় বলে দেরিতে ধান পাকছে। সেজন্য ওই জেলার ৩৫ শতাংশ ধান এখনও মাঠে আছে।”
লক্ষ্মীপুরে শতভাগ, সাতক্ষীরায় ৯৪ শতাংশ এবং কক্সবাজার ও চট্টগ্রামে ৯০ শতাংশ করে বোরো ধান কাটা শেষ হওয়ার তথ্য দিয়ে কৃষি সচিব বলেন, বরিশাল ছাড়া অন্যসব অঞ্চলে ধান কাটা ‘প্রায় শেষ’।
“পটুয়াখালীতে সব থেকে বেশি মুগ ডালের আবাদ হয়। ইতোমধ্যে সেখানকার ৯০ শতাংশ মুগ ডাল ওঠানো হয়েছে, বাকিগুলোর দ্রুত ওঠানোর তাগিদ দেওয়া হয়েছে। এর বাইরে মাঠে এখন শুধু বাদাম আছে, ঝড় হলেও বাদামের তেমন ক্ষতি হবে না।”
ধান, বাদামের বাইরে সাতক্ষীরা অঞ্চলের কিছু আম এখনও পাকেনি জানিয়ে নাসিরুজ্জামান বলেন, ওই আমগুলো জুলাই মাসে পাকবে, ঝড় হলে এই জেলার আমের ক্ষতি হবে। এছাড়া কৃষিতে খুব একটা ক্ষতি হবে না।
