ঢাকায় ছাদ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
ঢাকার মিরপুরে পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
রোববার সকালে মিরপুর ১৪ নম্বর পুলিশ ব্যারাকের ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে কাফরুল থানা পুলিশ জানায়।
নিহতের নাম শ্যামল চন্দ্র রায়(৪৩)। তিনি ঢাকা মহানগর ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, শ্যামল আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
ব্যারাকের ছয়তলা ভবনের চার তলায় ১১নম্বর কক্ষে থাকতেন শ্যামল। ভোর ৬টার দিকে বড় ধরনের একটা শব্দ পাওয়ার পর ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও এর মধ্যেই তার মৃত্যু ঘটে।
কাফরুল থানার এসআই কাজী আরিফ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শ্যামলের বাড়ি লালমনিরহাট জেলার সদর থানা এলাকার সাতান গ্রামে। তার বাবার নাম পুলিন চন্দ্র রায়।
