২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাজ বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 03:42 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

রোববার এক শোকবার্তায় তিনি মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সাবেক এই নেত্রীর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়।

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এক সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মমতাজ বেগমের সঙ্গে একসঙ্গে ছাত্র রাজনীতি করা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কথাও শোকবার্তায় স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, “জাতীয় মহিলা সংস্থার সাবেক এ প্রতিভাধর চেয়ারম্যান স্বীয় কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

Image
মমতাজ বেগম, ফাইল ছবি

মমতাজ বেগম, ফাইল ছবি

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাত ১২টার দিকে ঢাকার ভুতের গলিতে নিজের বাসায় মারা যান মমতাজ বেগম। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৭০ এর নির্বাচনে যে সাতজন নারী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, মমতাজ বেগম তাদেরই একজন।

রোববার জোহরের নামাজের পর ভুতের গলি জামে মসজিদে জানাজা শেষে ঢাকায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।